৯ নভেম্বর ২০১২ - ১০:৫৭

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির ইহুদিবাদী ইসরাইলকে তার দেশের এক নম্বর শত্রু বলে ঘোষণা করেছেন।

 বার্তা সংস্থা আবনা : সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির ইহুদিবাদী ইসরাইলকে তার দেশের এক নম্বর শত্রু বলে ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি খার্তুমের অস্ত্র তৈরির কারখানায় গত মাসের হামলার জন্য আবারো তেল আবিবকে দায়ী করেছেন।

চিকিতসার উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকারী বাশির বৃহস্পতিবার আরো বলেছেন, "ইসরাইল আমাদের শত্রু, এক নম্বর শত্রু এবং ইসরাইলকে আমরা শত্রু বলে চিহ্নিত করে যাবো।" গত বুধবার সৌদি আরবের একটি হাসপাতালে বাশিরের গলায় সফল অস্ত্রপচার হয়।

গত ২৪ অক্টোবর সুদানের তথ্যমন্ত্রী আহমেদ বিলাল ওসমান বলেন, চারটি ইসরাইলি জঙ্গীবিমান খার্তুমের সরকারি অস্ত্র কারখানায় বোমাবর্ষণ করেছে। ওই ঘটনায় অন্তত দু'ব্যক্তি নিহত হন।

একইদিন ওই হামলার নিন্দা জানিয়ে সুদানের রাজধানী খার্তুমে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন।

সুদান সরকার দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইলের ওই জঘন্য হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানায়। কিন্তু ওই ঘটনার দু'সপ্তাহ পর এখনো নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেনি।

ইহুদিবাদী ইসরাইল এখন পর্যন্ত খার্তুমের অস্ত্র কারখানায় হামলায় নিজের জড়িত থাকার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। তবে ইসরাইলি যুদ্ধমন্ত্রী এহুদ বারাক শুধু এটুকু বলেছেন, "এ ব্যাপারে আমার কিছু বলার নেই।"

গত ২৬ অক্টোবর সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের এ আগ্রাসী ততপরতা খার্তুমকে তার ইসরাইল বিরোধী অবস্থান থেকে এতটুকু নড়াতে পারবে না।#রেডিও তেহরান